জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে তারুণ্যনির্ভর রাজনৈতিক শক্তি গঠনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। জুলাই মাসে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা আগামী ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে চান।
দেশব্যাপী ১২০টি থানা, উপজেলা ও পেশাজীবী কমিটি গঠন করা হয়েছে। ৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করে গত শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করেন আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নই তাদের লক্ষ্য।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষ নেতৃত্বে আছেন আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন এবং মুখ্য সংগঠক সারজিস আলম। কমিটির অন্যান্য সদস্যরা বিভিন্ন পেশাজীবী, ডাক্তার, আইনজীবী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতিনিধিত্ব করেন।
সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন জানান, “গণ অভ্যুত্থানের শক্তিকে দ্রুত সংহত করে রাজনৈতিক দল গঠন করা চ্যালেঞ্জিং হলেও আমরা আত্মবিশ্বাসী যে ফেব্রুয়ারির মধ্যে এই প্রচেষ্টা সফল হবে।”
‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক জাতীয় সংলাপে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বদলে আদর্শভিত্তিক রাজনীতি দেখতে চাই। ভবিষ্যতের রাজনীতি জনগণের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে পরিচালিত হবে। কোনো ব্যক্তি বা পরিবারের নয়, রাজনৈতিক দলগুলো জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।”
জাতীয় নাগরিক কমিটি জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক সংস্কারের মাধ্যমে নতুন যুগের সূচনা করতে চায়। ফেব্রুয়ারিতে নতুন দলের আত্মপ্রকাশের মাধ্যমে তারা এই লক্ষ্য অর্জনে প্রস্তুতি নিচ্ছে।
0 মন্তব্যসমূহ